ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুতায়িত হওয়া মামাকে বাঁচাতে গিয়ে মো. সোহাগ (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লেংগুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ ওই এলাকার মো. কাঞ্চন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত সোহাগের মামা, মো. মিজান (২৮), যিনি বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সোহাগ মিজানের চাচাতো বোনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজ বসতঘরের পাশে থাকা রেইনট্রি গাছের ডাল কাটছিলেন মো. মিজান। ওই ডালটি পাশে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। এ সময় বিদ্যুতায়িত হন মিজান। তাকে বাঁচাতে ছুটে যান মো. সোহাগ। এ সময় তিনিও বিদ্যুতায়িত হন। পরে তাদের দু’জনকে উদ্ধার করে স্বজনরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এইচপি/আরএন