ভোলার লালমোহন উপজেলায় নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে ফাতেমা বেগম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃদ্ধা ফাতেমা বেগম লালমোহন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মৃত মফিজুর রহমানের স্ত্রী।
জানা গেছে, গত তিনদিন ধরে বৃদ্ধা ফাতেমা বেগম নিখোঁজ ছিলেন। এরমধ্যে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। বুধবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুকুরের মধ্যে বৃদ্ধা ফাতেমা বেগমের মরদেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেন পুলিশ সদস্যরা। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি নিখোঁজ ফাতেমা বেগমের বলে শনাক্ত করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, কোনো অভিযোগ না পাওয়ায় ওই বৃদ্ধার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইচপি/ এসআর