র্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের যৌথ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি বাস পরিবহনের মালিককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল এ অভিযান চালায়।
অভিযানে দেখা যায়, ঈদকে সামনে রেখে গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন করা হচ্ছে না এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যা সড়ক পরিবহন আইন, ২০১৮-এর লঙ্ঘন। পরে আইনের ৮০ ধারায় ‘মামুন এন্টারপ্রাইজ’-এর মালিক জিয়াউর রহমানকে ৫ হাজার টাকা এবং ‘বিলাস পরিবহন’-এর মালিক আক্তার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসআর/আরএন