প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছার আগেই আমরা আমাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানাচ্ছি।
তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যারা অর্থনৈতিকভাবে হয়তো কিছুটা পিছিয়ে রয়েছে, তাদের জন্য সম্মানি, আর্থিক সহায়তা বা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্য দূর করতে আমরা সবাই মিলে একটু শান্তিতে ও ভালোভাবে বসবাস করব। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে এই রকম প্রতিশ্রুতি দিয়েছিলাম।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত এবং বিহার অধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, এখানে এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, যাদের কোনো বাধ্যবাধকতা ছাড়া মানুষ সম্মান করে। জীবনের কঠিন মুহূর্তে যাদের কাছ থেকে মানুষ সঠিক পরামর্শ আশা করে এবং পেয়েও থাকে।
তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য ইতোমধ্যে আমরা ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমে বাংলাদেশে চার কোটি পরিবারের নারী প্রধানরা এই কার্ড পাবেন। আগামী ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু হবে। ইনশাআল্লাহ, আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খননের কর্মসূচি শুরু হচ্ছে।
মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে সম্মানিত ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত এবং বিহার অধ্যক্ষদের জন্য সম্মানি কার্যক্রম চালু করলাম।
তারেক রহমান বলেন, নাগরিক হিসেবে আমরা যদি প্রত্যেকে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, আমি বিশ্বাস করি আমরা একটি সুন্দর, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব।
আরএন