লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের একটি ভুট্টার ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাজির মোড় সংলগ্ন ভুট্টার ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক তদন্তের অংশ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মৃত ব্যক্তি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই জানা যাবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।
এমএস/আরএন