ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
X

আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর গণমাধ্যমকে এ তথ্য জানান।

বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকারের প্রতি জনগণের যে বিপুল জনসমর্থন রয়েছে, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন—জনগণ আমাদের কাছ থেকে সুশাসন ও জবাবদিহিতা প্রত্যাশা করে। সে ক্ষেত্রে আমরা স্ব-স্ব মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা যেন যেকোনো ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণ করি।”

তিনি আরও বলেন, “আগামী রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের কমিটমেন্ট বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে নির্বাচনের সময় বিভিন্ন জনসভায় দেওয়া প্রতিশ্রুতি—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড—এসব বিষয়ে দ্রুত দৃশ্যমান অগ্রগতি কীভাবে আনা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।”

নুর বলেন, “প্রধানমন্ত্রীর একটি ঘোষণা ছিল—ইমাম-মুয়াজ্জিনদের বিষয়ে সরকারের একটি উদ্যোগ থাকবে। সে বিষয়েও তিনি আলোচনা করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে কী করা যায়, সে সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। সামগ্রিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

প্রতিমন্ত্রী বলেন, “আমি যেহেতু দুটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমাদের শ্রমবাজারের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। মধ্যপ্রাচ্যের সঙ্গে শ্রমবাজার উন্মুক্ত করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় সেই ধারাবাহিকতা বজায় ছিল। কিন্তু মাঝখানে নানা কারণে সেই ছন্দপতন হয়েছে; অনেক ক্ষেত্রে শ্রমবাজার বন্ধ হয়েছে। শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে প্রধানমন্ত্রী যদি মধ্যপ্রাচ্যে একটি সফর করেন, তাহলে তা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। আমরা বিষয়টি তাঁর দৃষ্টিতে আনার চেষ্টা করেছি। তিনি এ বিষয়ে আরও কিছু পরামর্শ দিয়েছেন, যা আমরা কাজে লাগাব।”

এ ছাড়া, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান তিনি।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝