রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটি আসনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা এবং দুটি আসনে জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। পোস্টাল ভোটসহ সব কেন্দ্রের ফলাফল যুক্ত করে বৃহস্পতিবার রাত প্রায় ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের মোট ১৬০টি কেন্দ্রের ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ১,৭১,৭৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন ১,৬৯,৯০২ ভোট। ১,৮৮৪ ভোটের ব্যবধানে মুজিবুর রহমান বিজয়ী হয়েছেন।
রাজশাহী-২ (সদর) আসনের মোট ১১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ১,২৮,৫৪৬ ভোট। জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১,০০,৩৭০ ভোট। ২৮,১৭৬ ভোটের ব্যবধানে মিজানুর রহমান মিনু জয়ী হয়েছেন।
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের ১৩১টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন পেয়েছেন ১,৭৬,৩১৮ ভোট। জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১,৩৭,৯২৭ ভোট। ৩৮,৩৯১ ভোটের ব্যবধানে শফিকুল হক মিলন বিজয়ী হয়েছেন।
রাজশাহী-৪ (বাগমারা) আসনের ১২২টি কেন্দ্রের ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন ১,১৫,২২৬ ভোট। বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১,০৯,৪৬১ ভোট। ৫,৭৬৫ ভোটের ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার জয়লাভ করেছেন।
রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের ১৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি-সমর্থিত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১,৫৩,৪২৫ ভোট। জামায়াত প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩,৪৪৫ ভোট। ৭৯,৯৮০ ভোটের ব্যবধানে নজরুল ইসলাম মন্ডল বিজয়ী হয়েছেন।
রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের ১১৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১,৪৮,৬৭২ ভোট। জামায়াত প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২,৯৬৫ ভোট। ৫৫,৭০৭ ভোটের ব্যবধানে আবু সাঈদ চাঁদ জয়লাভ করেছেন।
আরএইচ/আরএন