দিনাজপুরের চিরিরবন্দরে বীমা কর্মীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাণীরবন্দর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর জনৈক মহিলা কর্মীকে বীমা পলিসি করার কথা বলে গত ২৮ জানুয়ারী (বুধবার) বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে ভুট্টা ক্ষেতে জোরপূর্বক নিয়ে ৭ জন মিলে গণধর্ষণ করে এবং বিশ্বনাথ রায় নামে একজন ধর্ষণের ঘটনা ভিডিও করে রেখে টাকা দাবি করে। এ ঘটনায় ভূক্তভোগি মহিলা বাদি হয়ে গত ৩০ জানুয়ারী (শুক্রবার) রাতে ৭ জনকে আসামী করে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ উপজেলার নশরতপুর ইউনয়নের বলাইবাজার এলাকার সোহরাব আলীর ছেলে আতিকুল ইসলাম (২৪) কে আটক করেছে।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আহসান হাবিব জানিয়েছেন, উক্ত গণধর্ষণের ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করলে তা দ্রুত রুজু করা হয়। মামলাটি ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, ৮(১)/৮(২)/৮(৭) পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পাশাপাশি জোরপূর্বক গণধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ করে অর্থ আদায়ের চেষ্টা এবং সহায়তার অভিযোগ অন্তর্ভুক্ত করে।
তিনি জানান, অভিযান চালিয়ে ৩১ জানুয়ারি শনিবার রাতে আতিকুল ইসলাম (২৪) কে আটক করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য সংশ্লিষ্ট আসামীদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এমইউএ/এসআর