পায়রাবন্দর কর্মচারীদের দাবি না মানলে কঠোর কর্মসূচি গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন তারা।
সোমবার দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভ করেন কর্মচারীরা। কর্মসূচিতে বক্তব্য রাখেন পায়রাবন্দর মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস, ইনল্যান্ড মাস্টার আবদুল কাদের ও হিসাব সহকারী শফিকুল ইসলাম।
আন্দোলনকারীরা বলেন, গত ১৫ বছরে দ্রব্যমূল্য কয়েকগুণ বৃদ্ধি পেলেও তাদের বেতন-ভাতা বাড়েনি। ফলে সংসারের উপার্জনক্ষম ব্যক্তি হয়েও প্রতি মাসে টানাটানির মধ্যে দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখুল আরেফিন (ইনল্যান্ড মাস্টার, প্রথম শ্রেণি) বলেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বন্দরের কর্মচারীরা আন্দোলন করে আসছেন। সরকার একটি কমিশন গঠন করেছে এবং কমিশনের প্রতিবেদন সরকারের হাতে পৌঁছেছে। কিন্তু গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় ভুক্তভোগী কর্মচারীরা ক্ষোভে ফুঁসে উঠেছেন। তাদের দাবি মেনে না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালনের পাশাপাশি ভোট না দেওয়ার আল্টিমেটাম দেন কর্মচারীরা।
টিএইচ/আরএন