কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিহান (৩) ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার ছোট ভাই আমিনুল ইসলাম সাজুর ছোট ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে বাড়ির পেছনের একটি পুকুরে স্থানীয় জেলেরা মাছ জাল দিয়ে মাছ ধরে নিয়ে যান। পরিবারের সদস্যদের ধারণা সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি হয়তো সকলের অজান্তে একাই পুকুর পাড়ে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবে সেখানে তার মৃত্যু হয়। সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির বাবা-মা তার সন্তান বাড়িতে না থাকায় আত্মীয়ের বাড়িসহ এলাকার বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে বাবা-মা চিন্তিত হয়ে পড়েন। পরে বাড়ির পেছনে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান শিশুটির নিথর দেহ পুকুরে ভেসে আছে। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুর থেকে শিশুর নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বালাতাড়ি ওয়ার্ডের ইউপি মহির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এসি/এমএ