পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে ঈশ্বরদীতে বিএনপি দলীয় এমপি প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রার্থী হাবিবুর রহমান হাবিব জানান, তিনি নির্বাচিত হলে সুন্দর পরিকল্পনা নিয়ে ঈশ্বরদী ও আটঘরিয়া সাজাতে চান। এ জন্যই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ সভায় সাংবাদিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত নিয়ে তিনি তার একটি নির্বাচনী ইশতেহার তৈরি করবেন।
তিনি জানান, নির্বাচনে জয়ী হলে উত্তরাঞ্চলের প্রথম রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা ঈশ্বরদী ইপিজেডে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানো ও ব্যবসায়ীক পরিবেশ তৈরি করা হবে যাতে দেশী-বিদেশী বিনিয়োগকারীরার এখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
মতবিনিময়কালে স্থানীয় হরিজনদের জন্য ঈশ্বরদীতে ৮তলা বিশিষ্ট আবাসন নির্মাণ, সর্বসাধারণের জন্য শিশু পার্ক, স্টেডিয়াম, সাংস্কৃতিক সংগঠন, পাঠাগার নির্মাণ, শত বছরের পুরানো ঈশ্বরদী জংশন স্টেশনের আধুনিকায়ন করা, ভাঙাচোরা ও জনগুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ এবং সংস্কার করার পরিকল্পনা রয়েছে বলেও সাংবাদিকদের জানান।
হাবিবুর রহমান হাবিব জানান, মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে ঈশ্বরদীতে সবজিসহ লিচুর গাছ মারা যাচ্ছে। তবে ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই; তাহলে কৃষক ও কৃষির উন্নয়ন এখানে একটি সবজি সংরক্ষণাগার ও লিচু গবেষণাগার নির্মাণ করতে চাই। একইসঙ্গে বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দর চালুর পরিকল্পনা কথাও জানান তিনি।
তিনি জানান, বিএনপি মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপে সাংবাদিকদের সংগঠনের কমিটি গঠন হয়েছে। তবে তিনি নির্বাচিত হলে এসব সংগঠনে পেশাদার সাংবাদিকদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে ঢাকার বাইরে ঈশ্বরদীতে সাংবাদিকদের জন্য সরকারি ভাবে প্লটের ব্যবস্থা করতে চাই।
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারের সভাপতিত্বে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, বিএনপি প্রবীণ নেতা শামসুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলুসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এমএইচ/এমএ