ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, ভোটাররা ভোট দেখুক বা না দেখুক, প্রতিটি ভোট যেন ‘হ্যাঁ’-এর পক্ষে যায়।
শনিবার (১৭ জানুয়ারি) বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের সম্মেলন কক্ষে গণভোটের প্রচারণা এবং ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
সুপ্রদীপ চাকমা আরও বলেন, “আমরা সকল উপদেষ্টারা সারা বাংলাদেশে ভোটের পাশাপাশি গণভোটের প্রচারণা চালাচ্ছি। এই গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব।”
রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত পুলিশ সচিব মো মনিরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব তৌফিক ইমাম, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক সহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, গণভোটে আমরা চাই যে ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসুক। এখানে অনেক বিষয় রয়েছে, যেমন জাতীয় সনদ—যা জুলাই যোদ্ধারা তৈরি করেছেন—তার সব কিছুই অন্তর্ভুক্ত। সব বিষয় একসাথে এক মুখে ‘হ্যাঁ’ বলার প্রয়োজন নেই, তবে আমাদের উচিত অংশ বিশেষকে বোঝানো যে আমরা কেন এগ্রি করছি।
তিনি আরও বলেন, “৪-৫টি প্রশ্ন দেওয়া হয়েছে, যা সত্যিই জটিল। আমাদের পক্ষেও এগুলো বোঝা কঠিন। কিন্তু দিনের শেষে আমাদের কাছে অপশন মাত্র দুটি—হ্যাঁ অথবা না। আমরা যদি না করি, তা হলে ভোটাররা হ্যাঁ-তে সিল মারবে, সেটা দেখুক বা না দেখুক। এটিই তাদের দায়িত্ব, আর আমাদের দায়িত্ব হচ্ছে তাদের উদ্বুদ্ধ করা।”
সুপ্রদীপ চাকমা যোগ করেন, “রাষ্ট্র বিনির্মাণ এবং রাষ্ট্রের অবকাঠামো গঠনের দায়িত্ব একা সম্ভব নয়। এটি সমবেতভাবে করতে হবে। তাই আমরা এই দায়িত্বকে সামনে রেখে অগ্রসর হচ্ছি।”
পরে জেলা প্রশাসন প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এই শ্লোগানে সম্মিলিত ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্ভোধন করেন।
আইকেআই/এসআর