কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আবু হানিফ (২২) নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার সকাল ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় নাফ নদীর শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
আহত আবু হানিফ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দা এবং ফজল করিমের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী।
আবু হানিফের বাবা ফজল করিম জানান, সকালে নাফ নদীর বাংলাদেশ অংশে জেগে ওঠা ছোট দ্বীপ শাহজাহানের দ্বীপে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে যান তার ছেলে। একপর্যায়ে নদীতে নামার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আবু হানিফ গুরুতর আহত হন এবং বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য পা ও সামান্য আহত হয়। তিনি ধারণা করছেন, আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণেই এ ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে থাকা লোকজন আহত অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র বলেন, খবরটি স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
এদিকে সীমান্তে মাইন বিস্ফোরণে আবু হানিফ আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। পরে তারা বিক্ষোভ করে কক্সবাজার–টেকনাফ সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার বিষয়ে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবির সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এসইউ/আরএন