ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
আদালতের নথি জালিয়াতি, জেলা পরিষদ সদস্য কারাগারে
✎ সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ১০:৫৯ এএম আপডেট: ২৯.০৮.২০২০ ১২:৩০ পিএম
নওগাঁয় আদালতের নথি জালিয়াতির অভিযোগে করা মামলায় জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক সোহেল রানা এ নির্দেশ দেন। 

এদিকে, এ মামলার শুনানি শেষে এজলাস কক্ষ থেকে বের হওয়ার সময় গ্রেফতার জহুরুলের লোকজন শাহিনূর রহমান নামে এক আইনজীবীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বিচারকের নির্দেশে ঘটনাস্থল থেকে জহুরুলের ছেলে জোবায়ের হোসেনকে (২৩) আটক করেছে পুলিশ।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ জানুয়ারি জহুরুলকে ভয়ভীতি দেখানোর অভিযোগে আইনজীবী শাহানূর ইসলাম, তার চাচা খাজাম উদ্দীন ও রিপন হোসেনের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা করেন। ওই মামলার শুনানি নিয়ে ওই বছরের ৪ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। পরে বদলগাছী থানার এএসআই মাহাবুর রহমান বাদি জহুরুলের সঙ্গে যোগসাজশে আদালতের ইস্যু করা সমনে আসামি খাজাম উদ্দীনের স্বাক্ষর জাল করেন। এরপর তিনি জাল স্বাক্ষরে আইনজীবী শাহানূরকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে সমন জারি হয়েছে বলে আদালতের কাছে নথি দাখিল করেন। ওই নথির পরিপ্রেক্ষিতে আদালত শাহানূর ও মামলার অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

পরবর্তী সময়ে আইনজীবী শাহানূর আদালতে অভিযোগ দাখিল করেন। তাতে তিনি বলেন, মামলার এজাহারে বর্ণিত ঘটনার সময় তিনি প্রশিক্ষণে অংশ নিতে ইতালিতে ছিলেন। বদলগাছী থানার এএসআই মাহাবুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মামলার বাদি জহুরুল ইসলাম পরস্পর যোগসাজশে মামলার বিবাদীদের হয়রানি করতে আদালতের নথি জালিয়াতি করেন। যে কারণে আদালত বিবাদীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভিযোগটি আমলে নেন আদালত। পরবতীর্তে আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা রয়েছে বলে ২০১৮ সালের ০৬ মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন নওগাঁ পুলিশের মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম।

ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে ১৫ জুলাই নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে আদালতের নথি জালিয়াতির অভিযোগে বদলগাছী থানার এসআই জুবায়ের হোসেন, এএসআই মাহাবুর রহমান ও নওগাঁ জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলামের বিরুদ্ধে মামলা রুজু করেন। পরে আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করেন পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর। 

তিনি গত বছরের ২৪ ডিসেম্বর আদালতে মাহাবুবুর ও জহুরুলকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই দিনই আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেন। সমন পেয়ে আদালতে হাজির হলে শুনানি শেষে গত ০৯ ফেব্রুয়ারি এএসআই মাহবুবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জহুরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এএসআই মাহবুবুর রহমান বর্তমানে জামিনে রয়েছেন।

ওই মামলায় বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন জহুরুল ইসলাম। শুনানি শেষে আদালতের বিচারক সোহেল রানা জহুরুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, আদালত চত্বরে আদালতের নথি জালিয়াতির ঘটনার অভিযোগকারী আইনজীবী শাহানূর রহমানের ওপর আদালত চত্বরে হামলার ঘটনা ঘটেছে। 

শাহিনূর রহমান অভিযোগ করেন, বুধবার এ মামলার শুনানি শেষে এজলাস কক্ষ থেকে বের হওয়ার সময় জহুরুলের ছেলে জোবায়ের হোসেনের নেতৃত্বে অজ্ঞাত ৬-৭ জন তাকে মারধর করেন। এজলাস কক্ষের বারান্দায় হৈচৈ শুনে বিচারক এজলাস থেকে নেমে এসে ঘটনা শোনার পর হামলাকারী জোবায়ের হোসেনকে আটকের নির্দেশ দেন।

নওগাঁ আদালত (জিআরপি) পুলিশের পরিদর্শক ফিরোজ হোসেন বলেন, আটক জোবায়ের হোসেন বর্তমানে আদালত কারাগারে রয়েছেন। আদালত চত্বরে মারামারি ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝