ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জ্বর, গায়ে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে হাজী আনোয়ার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরের কলেজপাড়া নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, এই ব্যাক্তি স্ট্রোকে মারা যায়।
এদিকে তার মৃত্যুতে গ্রামবাসীর মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর দাবি, ওই ব্যাক্তির মাঝে করোনার উপসর্গ ছিল। করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে নমুনা সংগ্রহের দাবি জানানো হয়।
অবশ্য স্বাস্থ্য বিভাগ বলছে, মৃত ব্যাক্তির শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তিনি দুপুরে মাঠ থেকে গরু চড়িয়ে বাড়িতে আসেন। প্রচন্ড গরমে সে অসুস্থ্য হয়ে পড়ে। ডাক্তার দেখিয়ে তাকে ঔষুধ খাওয়ানো হয়। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
কলেজ পাড়ার বাসিন্দা মোগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নান্নু মিয়া জানান,তাকে তিনি সুস্থই দেখেছেন। স্ট্রোক করেই তার মৃত্যু হয়।
তবে ওই পাড়ার একাধিক বাসিন্দা বলেন, নিহত ওই ব্যক্তির গায়ে জ্বর, ব্যাথা ও শ্বাসকষ্ট ছিলো। তার মৃত্যুর খবরে এলাকা জুড়ে করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে। ওই বাড়ির আশে পাশেও এখন কেউ আসছে না। বাড়িটি লকডাউন করে দিয়েছে মহল্লাবাসী।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, ওই ব্যাক্তির নিহত হওয়ার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগকে পাঠানো হয়েছে। নিহত ব্যাক্তির শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ ছিল কীনা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল টিম কাজ করছে।
এমএম/এইচএস