নিজের কথা বলার পাশাপাশি অন্যের কথাও মনোযোগ দিয়ে শোনা জরুরি। কারণ, প্রতিটি মানুষের জীবনে রয়েছে নানা অভিজ্ঞতা, অনুভূতি, সুখ-দুঃখ ও না বলা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অনেক সময় আমরা অন্যের কথা শোনার চেয়ে নিজের কথাই বেশি বলতে পছন্দ করি। মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা ও সম্পর্কের বন্ধন দৃঢ় করার বার্তা নিয়ে আজ ২৭ নভেম্বর পালিত হচ্ছে ‘ডে অব লিসেনিং’ বা অন্যের কথা মন দিয়ে শোনার দিন।
প্রতি বছর যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং দিবসের পরের শুক্রবার দিবসটি পালন করা হয়। ২০০৮ সালে অলাভজনক প্রতিষ্ঠান স্টোরিকর্পস দিবসটির সূচনা করে। মানুষের জীবনের গল্প শোনা, ব্যক্তিগত অভিজ্ঞতা জানা এবং স্মৃতিগুলো সংরক্ষণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আমরা প্রতিদিন পরিবার, বন্ধু, সহকর্মী কিংবা পরিচিত মানুষের সঙ্গে কথা বলি। তবে সব সময় তাদের কথায় যথাযথ মনোযোগ দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে একজন মানুষ নিজের মনের কথা বলতে চাইলেও তাকে মনোযোগ দিয়ে শোনার মতো কাউকে পান না। অথচ কারও কথা মন দিয়ে শোনা তার প্রতি সম্মান ও গুরুত্ব দেওয়ারই একটি প্রকাশ।
অন্যের কথা মনোযোগ দিয়ে শুনলে সম্পর্কের মধ্যে বিশ্বাস বাড়ে, ভুল বোঝাবুঝি কমে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হয়। একই সঙ্গে অন্যের অবস্থান ও অনুভূতি বোঝার সুযোগ তৈরি হয়। বিশেষ করে পরিবারে বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা শোনা, শিশুদের কথা গুরুত্ব দেওয়া এবং বন্ধুর বিপদের সময় তার পাশে থেকে কথা শোনা সম্পর্ককে আরও সুন্দর করে তোলে।
দিবসটি পালনের জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটানো, প্রবীণদের জীবনের গল্প শোনা, বন্ধুর মনের কথা মনোযোগ দিয়ে শোনা কিংবা কারও অভিজ্ঞতা জানার আগ্রহ প্রকাশ করাই হতে পারে দিনটি পালনের সুন্দর উপায়। এ সময় অন্যের কথা বলার মাঝখানে বাধা না দেওয়া এবং নিজের মতামত চাপিয়ে না দেওয়াও গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, মনোযোগ দিয়ে শোনা একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ দক্ষতা। এটি শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, কর্মক্ষেত্র ও সামাজিক জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। একজন মানুষ যখন বুঝতে পারেন যে তার কথা গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে, তখন তিনি নিজের অনুভূতি ও চিন্তা আরও সহজে প্রকাশ করতে পারেন।
শ্রবণ দিবস মূলত মনে করিয়ে দেয়, যোগাযোগ মানে শুধু কথা বলা নয়, অন্যের কথা বোঝার চেষ্টাও। তাই আজকের দিনে নিজের ব্যস্ততা কিছুটা সরিয়ে রেখে প্রিয়জনদের কথা শুনুন। কারণ, কখনো কখনো কাউকে দেওয়ার সবচেয়ে সুন্দর উপহার হলো—তাকে মন দিয়ে শোনার সময়টুকু।
এফএস