ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারীদের জন্য যে বার্তা দিলেন নতুন বিশ্বসুন্দরী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নিজ দেশের মাটিতে বিশ্বসুন্দরীর মুকুট জিতে ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে ২৭ বছর বয়সী এই সুন্দরীর মাথায় উঠেছে ২০২৬ সালের সেরার মুকুট। তবে সৌন্দর্যের মঞ্চে জয়ী হওয়ার পাশাপাশি নারীদের উদ্দেশে দেওয়া তার বার্তাও আলোচনায় এসেছে।

বিশ্বজুড়ে নারীদের নিজের ওপর বিশ্বাস রাখার এবং স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জেনিফার। তার মতে, নারীদের কোনো নির্দিষ্ট ছাঁচে নিজেদের ফেলার চাপ অনুভব করা উচিত নয়। বরং নিজের সব দিককে গ্রহণ করে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

পুয়ের্তো রিকোর ‘কলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল আগ্রেলট’ ভেন্যুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতা। জেনিফারের এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক পর ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট ঘরে তুলল পুয়ের্তো রিকো। এর আগে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা দেশটির হয়ে এই খেতাব জিতেছিলেন।

প্রতিযোগিতার শুরুতে সাময়িকী ‘ওলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার বলেছিলেন, স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবে নয়, বরং এই মঞ্চের জন্য তার কঠোর পরিশ্রমের মূল্যায়ন চান তিনি। পুরো প্রতিযোগিতায় নিজ দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের সমর্থন পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আসার আগে জেনিফার কখনো কোনো প্রতিযোগিতায় অংশ নেননি। মনোবিজ্ঞান ও সমাজকর্মে পড়াশোনার পাশাপাশি সামাজিক প্রতিরোধমূলক কাজে যুক্ত ছিলেন তিনি। মনোবিজ্ঞানে স্নাতক এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এই সুন্দরী।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট কাভাজোসে মার্কিন সেনাবাহিনীর ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে’ শিক্ষাবিদ ও সংকট মোকাবিলা কর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা করেছেন। পরবর্তী সময়ে প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবেও দায়িত্ব পালন করেন।

মিস ইউনিভার্সের প্রশ্নোত্তর পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নেতৃত্ব নিয়েও নিজের মতামত তুলে ধরেন জেনিফার। তার মতে, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা যেন মানুষের নিজস্ব মানবিক মূল্যবোধের জায়গা দখল করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

নেতৃত্বের ক্ষেত্রে তিনি মনে করেন, নেতাদের নিজেদের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করতে হবে এবং সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের প্রকৃত চাহিদা বুঝে কাজ করলেই শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝