ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বহিষ্কার প্রত্যাহারের পাইপলাইনে বিএনপির যেসব নেতা
বিদ্রোহী সাত এমপিসহ ফিরতে পারেন পাঁচ শতাধিক নেতাকর্মী; ৮০-৮৫ জন বিদ্রোহী প্রার্থীর আবেদন বিবেচনায়, ধাপে ধাপে সিদ্ধান্ত
✎ জাহিদ বিপ্লব
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য জমা পড়া আবেদনগুলো যাচাই-বাছাই করছে দলটির হাইকমান্ড। প্রাথমিকভাবে পাঁচ শতাধিক নেতাকর্মীকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ তালিকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া ৮০ থেকে ৮৫ জন নেতাও রয়েছেন। তাদের মধ্যে নির্বাচনে বিজয়ী সাত বিদ্রোহী প্রার্থীও রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত নানা অভিযোগে প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। এ সময় বিভিন্ন পর্যায়ের ২ হাজার ৬০০-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। নির্বাচনের আগে তাদের একটি অংশের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও অধিকাংশই দলের বাইরে থেকে যান।

এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আরও অন্তত ১৯০ জন নেতাকে বহিষ্কার করা হয়। এদের মধ্যে কেন্দ্রীয় ও তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারাও রয়েছেন। বহিষ্কৃতদের মধ্যে সাতজন নির্বাচনে জয়লাভ করেন। পরাজিত হলেও অনেক বিদ্রোহী প্রার্থী নিজ নিজ এলাকায় উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। নির্বাচনের পর থেকেই তাদের একটি বড় অংশ দলে ফেরার চেষ্টা করছেন।

দলীয় সূত্র বলছে, আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলা, সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলকে শক্তিশালী করতেই বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকশ নেতাকর্মী বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন। এসব আবেদন যাচাই করে অপরাধের ধরন, অতীতের সাংগঠনিক অবদান, রাজনৈতিক ত্যাগ এবং স্থানীয় বাস্তবতা বিবেচনায় পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। দলীয় সূত্রের দাবি, একইভাবে অন্যদের বিষয়েও শিগগিরই পর্যায়ক্রমে সিদ্ধান্ত আসতে পারে।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ডেইলি অবজারভারকে বলেন, “সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।”

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মাদ মুনির হোসেন ডেইলি অবজারভারকে বলেন, “আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে নেওয়ার অংশ হিসেবে বহিষ্কৃতদের দলে ফেরানোর আলোচনা চলছে। অপরাধ বিবেচনায় কয়েকটি ধাপে পর্যায়ক্রমে সবাইকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসবে।”

অন্যদিকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বহিষ্কৃতদের অপরাধের মাত্রা বিবেচনা করে পুনরায় দলে ফেরানোর পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, “এক-দুই যুগ ধরে যাদের দলে অবদান ও ত্যাগ রয়েছে, তাদের ছোটখাটো যে ত্রুটিগুলো আছে, সেগুলো যদি নীতিনির্ধারকরা সংশোধনযোগ্য মনে করেন, তবে তাদের ফিরিয়ে আনা উচিত। ভবিষ্যতের জন্য একটি কঠোর সতর্কবার্তা দিয়ে তাদেরকে পুনরায় দল করার সুযোগ দেওয়া যেতে পারে।”

ফেরার তালিকায় বিদ্রোহী সাত বিজয়ী

বহিষ্কারাদেশ প্রত্যাহারের সম্ভাব্য তালিকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিজয়ী হওয়া সাত নেতার নাম রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তারা হলেন—লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)। এ ছাড়া অন্যান্য বিদ্রোহী প্রার্থী ও বিভিন্ন পর্যায়ের বহিষ্কৃত নেতারাও রয়েছেন সম্ভাব্য তালিকায়।

তালিকায় আরও রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান ও মোহাম্মদ আলী।

এ ছাড়া রয়েছেন যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল এবং লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম।

সম্ভাব্য তালিকায় আরও আছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীসহ অনেকে।

তবে সম্ভাব্য প্রত্যাবর্তনের তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই বলে দলীয় সূত্র জানিয়েছে।

নিরবকে ডেকে নেন তারেক রহমান

বহিষ্কৃত নেতাদের মধ্যে সবচেয়ে আলোচিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রায় তাকে প্রথম সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে নিজের সঙ্গে নেন তারেক রহমান। এ ঘটনা বিএনপির রাজনীতিতে বহিষ্কৃত নেতাদের প্রত্যাবর্তন নিয়ে নতুন আলোচনার জন্ম দেয়।
ঢাকা-১২ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত হন নিরব। শেখ হাসিনাবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তার বিরুদ্ধে ৪৫৭টি রাজনৈতিক মামলা রয়েছে বলে দাবি করা হয়েছে। একাধিকবার কারাবরণও করেছেন তিনি। বহিষ্কারের পরও বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে তার উপস্থিতি দেখা যাচ্ছে।

দলে ফেরার আকুতি জানিয়ে সাইফুল আলম নিরব ডেইলি অবজারভারকে বলেন, “শহীদ জিয়ার আদর্শে আমি রাজনীতি করি। বিএনপির বাইরে আমার কোনো ঠিকানা নেই। জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত আমি বিএনপিতেই থাকতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিসহ বিএনপির সব রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছি। দলের সব কর্মসূচি আমার নির্বাচনি এলাকায় পালন করছি। দলের সঙ্গে ছিলাম এবং আছি। আগামী দিনেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি করে যাব।” দলে ফেরার বিষয়ে হাইকমান্ড ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দলে ফেরার অপেক্ষায় ফিরোজ-টিপুরাও

ঝিনাইদহ-৪ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজও দলে ফিরতে চান। তিনি ডেইলি অবজারভারকে বলেন, “দল আমাদের বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করি, দল আমাদের ত্যাগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্তটি শিগগিরই পুনর্বিবেচনা করবে। বিএনপির বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। একজন সাধারণ কর্মী হিসেবে সারাজীবন এই দলেই রাজনীতি করতে চাই।”

বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ডেইলি অবজারভারকে বলেন, “আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেছি, তারা গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মী ছিলাম। দলের দুঃসময়ে মাঠে সাহসী ভূমিকা রেখেছি। তাই তারা কেন নির্বাচনে দাঁড়াল, তা দলের খুঁজে বের করা উচিত। দলের বাইরে গিয়েও তারা প্রত্যেকে বিশাল একটা ভোট পেয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ এখনো তাদের সঙ্গে রয়েছেন। দল এখন আমাদের কীভাবে কাজে লাগাবে, এটা বিবেচনা করবে।” তবে বহিষ্কৃতদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে দলীয় শৃঙ্খলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ডেইলি অবজারভারকে বলেন, “যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, তারা কিন্তু নিজ দায়িত্বে তাদের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। তারা যদি তাদের ভুল স্বীকার করে আবেদন করে, দল নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবে। আর তারা যদি দলকে সত্যিকার অর্থে ভালোবাসে, অবশ্যই তাদেরকে দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।”

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ডেইলি অবজারভারকে বলেন, “দলে অনেক অবদান থাকার পরও মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়, যখন কঠোর সাংগঠনিক শাস্তি দিতে হয়। তবে আমি আবারও বলছি, তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা আমরা আনন্দের সঙ্গে দিইনি; খুব কষ্ট নিয়েই দল এই সিদ্ধান্ত নিয়েছে। এখন এ ব্যাপারে দল কী সিদ্ধান্ত নেয়, তা দেখার বিষয়।”

নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, জাতীয় নির্বাচন ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যারা বহিষ্কৃত হয়েছেন, তাদের অনেকেই দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা। তবে বৃহত্তর স্বার্থে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। বহিষ্কারের বিষয়গুলো দলের হাইকমান্ডের নজরে রয়েছে। উপযুক্ত সময়ে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সব মিলিয়ে বিএনপির সামনে এখন বহিষ্কৃত নেতাদের পুনর্বাসন ও সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনার চ্যালেঞ্জ। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিভক্তি দূর করতে দলটি কতটা দ্রুত ও কার্যকরভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করতে পারে, তার ওপরই নির্ভর করছে বহিষ্কৃত নেতাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের ভবিষ্যৎ।

জেবি

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝