প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে স্বামীর পেনশন না পাওয়ার অভিযোগ জানিয়েছেন নুরজাহান বেগম নামে এক বৃদ্ধা। তাঁর স্বামী বাংলাদেশ বিমানবাহিনীতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তাঁর ছেলে।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নুরজাহান বেগমের হাতে উপহার তুলে দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, তাঁর স্বামী মারা গেছেন, কিন্তু তিনি পেনশন পাননি।
প্রধানমন্ত্রী তাঁর কাছে এ বিষয়ে কোনো দরখাস্ত আছে কি না জানতে চান। তখন পাশ থেকে নুরজাহান বেগমের ছেলে জানান, তাঁর বাবা বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি করতেন। একজন প্রভাবশালী ব্যক্তির কারণে তাঁরা পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে নয়; নিয়ম অনুযায়ী তাঁর পেনশন পাওয়ার কথা। এ সময় তিনি দরখাস্ত আনা হয়েছে কি না জানতে চান। নুরজাহান বেগমের ছেলে জানান, দরখাস্তটি অনুষ্ঠানের গেটে রাখা আছে।
পরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা এক কর্মকর্তা দরখাস্তটি সংগ্রহ করে জেলা প্রশাসককে (ডিসি) দেওয়ার নির্দেশনা দেন।
-টিএস