ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি উন্নয়নে গবেষণাভিত্তিক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:২০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণাভিত্তিক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অঞ্চলের কৃষির বহুমুখীকরণ, পতিত জমির ব্যবহার এবং কৃষি ও মৎস্যপণ্য রপ্তানি বাড়াতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে বঙ্গভবনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. রাজিবুল করিম। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির সম্ভাব্য অবদান নিয়ে আলোচনা হয়।

আলোচনায় উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, জলাবদ্ধতা ও কৃষিজমির উৎপাদনক্ষমতা হ্রাসের মতো সমস্যা মোকাবিলায় অঞ্চলভিত্তিক গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষিপ্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় খরিপ-১ মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬৫ হাজার হেক্টর পতিত জমি চাষের আওতায় আনার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। লবণাক্ততা সহিষ্ণু সূর্যমুখীসহ বিভিন্ন সম্ভাবনাময় ফসলের আবাদ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া চিংড়ি, কাঁকড়া ও সামুদ্রিক মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানো, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা এবং গবেষণালব্ধ প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজনের বিষয়টিও আলোচনায় আসে। ২০২৭ সালের সুবিধাজনক কোনো সময়ে সমাবর্তন আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। এ বিষয়ে পরবর্তী সময়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পর্কে বিশ্ববিদ্যালয়কে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের পাশাপাশি সার্বিক অগ্রগতি কামনা করেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্ববিদ্যালয়কে দায়িত্বশীল ও গবেষণাভিত্তিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম আরও গতিশীল করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগানো এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

 এসএম/এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝