ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর, জিরানী, আশুলিয়া ও জামগড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে আশুলিয়ায় সর্বোচ্চ ৯ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
নিরাপত্তা কার্যক্রম জোরদারে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, শরীরে সংযুক্ত ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমও সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, কলকারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ তৎপরতা অব্যাহত থাকবে।
এফএস