নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম এবং এসব কার্যক্রমের প্রচার-প্রচারণার বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সরকারি গেজেট অনুযায়ী আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ। এ ক্ষেত্রে গণমাধ্যমকেও সংশ্লিষ্ট নির্দেশনা বিবেচনায় রাখতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী বলেন, যারা অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অতীতেও এ ধরনের কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা ছিল।
তিনি বলেন, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর আওতায় প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনের বিষয়ও রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ কার্যক্রমের পাশাপাশি এসব কার্যক্রমের প্রচার-প্রচারণার বিষয়টিও গেজেটের নির্দেশনার আওতাভুক্ত। এ বিষয়ে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তাঁর দাবি, বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, রাতের বেলায় অল্পসংখ্যক ব্যক্তি কোনো স্থানে স্লোগান দিয়ে দ্রুত সরে যেতে পারে। কোথাও গাড়ি বা বাস পার্ক করে রেখে অগ্নিসংযোগের ঘটনাও ঘটতে পারে। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের প্রসঙ্গে তিনি বলেন, পলাতক অবস্থায় থাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। জনগণ এ বিচার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা নেই সরকারেরমতবিনিময় সভায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবি ও প্রস্তাব নিয়েও আলোচনা হয়।
প্রতিমন্ত্রী জানান, টেলিভিশন চ্যানেলগুলোর টিকে থাকা, আধুনিকায়ন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়নে সংগঠনটির পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রস্তাব লিখিতভাবে সরকারের কাছে জমা দেওয়া হলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার বর্তমানে গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না। ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই।
মতবিনিময় সভায় বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ, সংগঠনটির সদস্যসচিব ও আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।