ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির পুনর্নির্বাচিত সেলিম উদ্দিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। 

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তাঁর নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এর আগে গত ২৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে মহানগরীর প্রায় ১৩ হাজার রুকন নতুন আমির নির্বাচনের জন্য ভোট দেন। পুরুষ ও নারী রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসেন। তাঁকে সহযোগিতা করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। মোট ১৩টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্র থেকে পাঠানো কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে রুকনরা তাঁদের পছন্দের দায়িত্বশীলের নাম লিখে ব্যালট বাক্সে জমা দেন।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীর সব পর্যায়ের নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হন। এ প্রক্রিয়ায় কোনো প্রার্থী থাকেন না; সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি নির্বাচিত হন। কেউ কোনো পদের আকাঙ্ক্ষা প্রকাশ করলে তিনি নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হন।

মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল এবং ২০০৪-২০০৫ সালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে যুক্ত হন। প্রতিষ্ঠানটির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত রমনা থানা জামায়াতের আমির, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এবং ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝