গত তিন দিনের তুলনায় নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। কারখানার ভেতরেও স্বাভাবিকভাবে চলছে উৎপাদন কার্যক্রম।
এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল ১১টা পর্যন্ত সড়কে কোনো ধরনের যানজট বা ভোগান্তি ছাড়াই যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন বলে জানা গেছে।
শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি ব্যাটালিয়ন ও আনসারসহ পাঁচ ধরনের বাহিনী দায়িত্ব পালন করছে। পাশাপাশি দায়িত্বে রয়েছেন বিভিন্ন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে তিনটি গোয়েন্দা সংস্থা।
নিরাপত্তা জোরদারে মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও নরসিংদী থেকে তিন শতাধিক অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে। এ ছাড়া ছয় প্লাটুন বিজিবি এবং দেড় শতাধিক আনসার সদস্য মোতায়েন রয়েছেন।
ফতুল্লার বিসিক শিল্পনগরী, কাঁচপুর শিল্পনগরী ও আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকার কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে। পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, শ্রমিকদের মধ্যে বর্তমানে উত্তেজনা অনেকটাই কম। কেউ প্ররোচনায় কারখানার বাইরে এলেও তাদের বুঝিয়ে কাজে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হলে শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
সার্বিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান এবং প্রশাসনের তৎপরতায় নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
শরীফ সুমন / এফএস