পোশাক কারখানার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের টানা চতুর্থ দিনের আন্দোলন ও সড়ক অবরোধের মধ্যেও রাজধানীর মিরপুর-১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১০ এলাকায় গণপরিবহনসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। এখন পর্যন্ত এ এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় প্রায় দেড় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরাও টহল দিচ্ছেন।
পুলিশ জানিয়েছে ,সকাল থেকেই মিরপুর-১০ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৫০০ থেকে ৬০০ শ্রমিক কাজে যোগ না দিয়ে আন্দোলনে অংশ নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। কোথাও কোথাও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
আন্দোলনকারীদের সড়কে অবস্থান থেকে বিরত রাখতে মিরপুর-১১ ও আশপাশের এলাকার বিভিন্ন অলিগলিতে মাইকিং করছে পুলিশ। পাশাপাশি চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।
এফএস