ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিএনপির বিকল্প আরেক বিএনপি, আ.লীগের বিকল্প আরেক আ.লীগ: হান্নান মাসউদ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৩০ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৫:৩২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, বিএনপির বিকল্প আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের বিকল্প বিএনপি। তিনি অভিযোগ করেন, এক দলের সন্ত্রাস, গুম ও চাঁদাবাজির বিকল্প হিসেবে আরেক দল একই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। 

তবে এনসিপি এসব দলের বিকল্প হতে নয়, বরং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে রাজপথে নেমেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গ টেনে হান্নান মাসউদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় সুশীল সমাজের একটি অংশ তাঁদের সতর্ক করে বলেছিল, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ১০ শতাংশ কমিশন ছাড়া কাজ হতো না, আর এখন তাঁরা ‘খাল কেটে কুমির আনছেন’। তখন বিষয়টি বুঝতে না পারলেও এখন তাঁরা উপলব্ধি করছেন বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, আগে যেখানে ১০ শতাংশ কমিশন দিতে হতো, এখন তা বেড়ে ২০ শতাংশে দাঁড়িয়েছে।

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা অভিযোগ করেন, দলটির নেতাকর্মীরা মুরগি, সবজি ও চায়ের দোকান থেকে শুরু করে মোড়ের রিকশাচালকদের কাছ থেকেও চাঁদা আদায় করছেন। তাঁর দাবি, চাঁদাবাজি ও ধান্দাবাজির মাধ্যমে তারেক রহমান দেশ নিয়ন্ত্রণ করতে চাইছেন। তিনি আরও অভিযোগ করেন, বিএনপির মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী বাহিনী নিয়ে মানুষের ওপর হামলা চালাচ্ছেন এবং দলটির সংসদ সদস্যদের বিরুদ্ধে চিকিৎসাপ্রতিষ্ঠানে হস্তক্ষেপের অভিযোগও রয়েছে।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গীদের নিয়েও প্রশ্ন তোলেন হান্নান মাসউদ। তিনি বলেন, বিদেশ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সীমান্ত বিশেষজ্ঞ, সার্বভৌমত্ব বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের থাকা উচিত। কিন্তু তাঁর অভিযোগ, সফরসঙ্গী হিসেবে এমন ব্যক্তিদের নেওয়া হচ্ছে, যাঁরা রাজনৈতিক দল ও সরকারবিরোধীদের সমালোচনায় ব্যস্ত। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির অতীত শাসনামলের সমালোচনা করে হান্নান মাসউদ বলেন, ১৯৯১ সালে গণ-অভ্যুত্থানের পর জনগণ বিএনপির কাছে অনেক প্রত্যাশা করেছিল। কিন্তু দলটি ক্ষমতায় এসে ভোট কারচুপির পরিকল্পনা করে এবং ১৯৯৬ সালে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বিতর্কিত করে, যার পরিণতিতে দেশকে দীর্ঘ ১৭ বছর দুঃশাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি নিজেদের সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকেও নিরাপত্তা ও সুচিকিৎসা দিতে পারেনি। ১৭ বছর ধরে আন্দোলনে বিএনপির নেতৃত্বের দাবির সমালোচনা করে তিনি বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষ নিজেদের অসন্তোষ থেকে ছাত্র-জনতার আহ্বানে রাজপথে নেমেছিল, বিএনপির ডাকে নয়।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অভিযোগ তোলেন হান্নান মাসউদ। তাঁর দাবি, ওই জেলায় মাদক কারবার, দিনের বেলায় ৬০ থেকে ৭০টি গাড়িতে ডাকাতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে, যাতে কারচুপির মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়া যায়।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে তিনি অভিযোগ করেন, বিএনপি আবারও এ ব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাঁর দাবি, গণভোটের মাধ্যমে জনগণ নির্বাচন কমিশন, সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ এবং শাসনব্যবস্থা নিয়ে নিজেদের মতামত দিয়েছে। কিন্তু সেই রায় পরিবর্তন করে নিজেদের পছন্দের ব্যক্তিকে প্রধান করার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে। একই সঙ্গে সারের লাইসেন্স, ডালের লাইসেন্সসহ বিভিন্ন সরকারি সুবিধা দলীয় ক্যাডার ও লাঠিয়াল বাহিনীর সদস্যদের দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এসএস  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement