খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ২৯ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।
সফরকালে তিনি সুন্দরবন ও হিরণ পয়েন্ট এলাকা পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করার কর্মসূচি ছিল তাঁর।
নলিয়ান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। দুপুর ১২টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন তিনি। দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির পর বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এতে খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
দুপুর ২টা ৪৫ মিনিটে মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা ৩টায় জেটি পরিদর্শনের পর সোয়া ৩টায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে বেলা সাড়ে ৩টায় পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
সফর শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা ও বাগেরহাটের স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা ও সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।
প্রশাসন জানিয়েছে, এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর। নির্ধারিত কর্মসূচিতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। স্থানীয়ভাবে কোনো রাজনৈতিক সমাবেশের কর্মসূচি রাখা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসএস