রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. আকাশ আহমেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) ও মো. নুর নবী (৩০)।
মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম প্রত্যেক আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে আসামিদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন, ঘটনায় জড়িত অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষে মনির হোসাইন সুমনসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১০ অক্টোবর রাতে বিস্ফোরণ
মামলার এজাহার অনুযায়ী, গত ১০ অক্টোবর রাত আনুমানিক ১টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁও থানাধীন জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁওগামী লিংক রোডের মাথায়, প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের অংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
ঘটনার দিনই তেজগাঁও থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পরদিন তাঁদের কারাগারে পাঠানো হয়। ১০ অক্টোবর তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন।
আরএন