রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের সরকারি ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত দরপত্র বা ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাটি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
টিআই