দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের (১৫ অক্টোবর) বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ৮৬ জন।
এর আগে গত সেপ্টেম্বরে বছরের সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ওই মাসে ডেঙ্গুতে মারা যান ১৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ১৭৭ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ভর্তি হয়েছেন ২৩৮ জন। এ ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৩২ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৫ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২৩৪ জন, ময়মনসিংহে ১০০ জন, রাজশাহীতে ২৩০ জন, রংপুরে ৭০ জন এবং সিলেটে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে সর্বোচ্চ চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় একজনের মৃত্যু হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮০৩ জন।
চলতি বছর এ নিয়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।
এফএস