গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ২৫ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তাঁরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান শাহজাহান শিকদার জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ইউনিট পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, প্রথমে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সব মিলিয়ে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।
এদিকে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।