শিগগিরই ঢাকায় কেনিয়ার আবাসিক মিশন স্থাপনের কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত জোসফাত মাইকারা।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে পররাষ্ট্র দপ্তর পর্যায়ের তৃতীয় দফার বৈঠকে এ কথা জানায় দেশটি।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলাম। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং নাইরোবিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকের পর থেকে অর্জিত অগ্রগতির পর্যালোচনা করা হয়। উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্য, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, ব্লু-ইকোনমি (নীল অর্থনীতি), সংস্কৃতি, ক্রীড়া এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উভয়পক্ষ দ্বৈত কর পরিহার, বিনিয়োগের প্রসার ও সুরক্ষা, ব্লু-ইকোনমি ও চুক্তিভিত্তিক কৃষিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে ঝুলে থাকা চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর (এমওইউ) প্রক্রিয়া ত্বরান্বিত করতে সম্মত হয়। বাংলাদেশ ওষুধ, তৈরি পোশাক, হালকা প্রকৌশল পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষি খাতে নিজেদের সক্ষমতা ও শক্তির কথা তুলে ধরে।
কেনিয়া পক্ষ সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ এবং কেনিয়ায় আরও বেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে উৎসাহিত করেছে। তারা বাংলাদেশে উন্নতমানের কফি, শিম (বিন), তুলা ও প্রক্রিয়াজাত মাংস রপ্তানির প্রস্তাব দেয়।
তারা জানায়, শিগগিরই ঢাকায় কেনিয়ার আবাসিক মিশন স্থাপন করা হবে। এ ছাড়া, তারা জাতিসংঘ, কমনওয়েলথ এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) আওতায় সহযোগিতা জোরদার এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ে উৎসাহিত করতে সম্মত হয়।
টিআই