ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘ভায়োলেন্স’ থেকে সরে অধরার দাবি, হারিয়েছেন হলিউডের কাজের সুযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:১০ পিএম আপডেট: ১১.১০.২০২৬ ৮:২৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পরিচালকের অপেশাদার আচরণ ও যোগাযোগের অভাবের অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন অভিনেত্রী অধরা খান। তাঁর দাবি, সিনেমাটির জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগ হারিয়েছেন তিনি। এ কারণে আর্থিক ও পেশাগত ক্ষতির মুখেও পড়তে হয়েছে তাঁকে।

‘ভায়োলেন্স’ সিনেমাটি নির্মাণ করছেন কামাল হোসেন বাবর। তাঁর বিরুদ্ধেই অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন অধরা। রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী।

পোস্টে অধরা জানান, সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়েছেন। তবে সংশ্লিষ্ট পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এত দিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

অধরা লেখেন, “আপনাদের অনেকেই জানতে চেয়েছেন, কেন আমি ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছি! পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবে আমি অনেক আগেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে জানানো হলেও তাদের পক্ষ হতে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায়, আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেই নিজের অবস্থান পরিষ্কার করছি।”

নিজের আর্থিক ও পেশাগত ক্ষতির বিষয়ে অধরা বলেন, সিনেমাটির জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগ গ্রহণ করতে পারেননি তিনি। চুক্তিগত গোপনীয়তার কারণে সেসব প্রকল্পের বিস্তারিত প্রকাশ করতে পারছেন না বলেও জানান।

তিনি আরও লেখেন, সিনেমাটির জন্য অন্যান্য কাজের সময়সূচি ও পেশাগত প্রতিশ্রুতি বজায় রাখতে না পারায় তাঁর কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকেও সতর্কবার্তা পেতে হয়েছে। শুটিং শুরুর মাত্র এক দিন আগে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী।

অধরা জানান, বাংলা সিনেমার প্রতি ভালোবাসা থেকেই ‘ভায়োলেন্স’ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। তবে প্রকল্পটিতে যুক্ত হওয়ার অভিজ্ঞতাকে এখন নিজের ক্যারিয়ারের একটি বড় শিক্ষা হিসেবে দেখছেন।

এ প্রসঙ্গে তিনি লেখেন, “এই অভিজ্ঞতা আমার জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে। যথাযথ পেশাদারিত্ব, যোগাযোগ ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো আরও গভীরভাবে বিবেচনা না করে এই প্রজেক্টে যুক্ত হওয়াকে আমি আমার ক্যারিয়ারের একটি বড় ‘ভুল’ হিসেবেও দেখছি।”

সিনেমাটির ক্ষতি করা বা কাউকে ছোট করা তাঁর উদ্দেশ্য নয় উল্লেখ করে অধরা বলেন, ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে নিজের অভিজ্ঞতা ও অবস্থান পরিষ্কার করতেই তিনি এ বক্তব্য দিয়েছেন।

পোস্টের শেষাংশে এই অভিনেত্রী লেখেন, “পারস্পরিক সম্মান ও পেশাদারিত্ব কখনোই একতরফা হওয়া উচিত নয়। একজন শিল্পী হিসেবে নিজের সময়, শ্রম ও আত্মসম্মানের মূল্য দেওয়াটাও আমার দায়িত্ব।”

উল্লেখ্য, গত আগস্টের শেষ দিকে ‘ভায়োলেন্স’ সিনেমায় অধরা খানের চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসে। তবে পরিচালকের বিরুদ্ধে তাঁর তোলা অভিযোগের বিষয়ে নির্মাতা কামাল হোসেন বাবরের বক্তব্য পাওয়া যায়নি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement