কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল হক বাবুর ‘প্রোস্টেট ক্যানসার’ সংক্রান্ত আগের চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন (ব্যবস্থাপত্র) দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে আটক আছেন মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার ব্যবস্থাপত্র দাখিলের এ আদেশ দেন। আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ।
তিনি বলেন, সাংবাদিক মোজাম্মেল হক বাবুর প্রোস্টেট ক্যানসার রয়েছে। ২০২৫ সালে এ বিষয়ে একটি পরীক্ষা করা হয়েছিল। তবে সেই পরীক্ষার প্রতিবেদন তাদের দেওয়া হয়নি। এখন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই প্রতিবেদন সাতদিনের মধ্যে ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকে গ্রেফতার করা হয়।
পরে হত্যা ও চাঁদাবাজির একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এসএ