ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শুল্কমুক্ত মদ মজুদের অভিযোগে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদামে সিলগালা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

 বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে মজুদের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি গুদাম সিলগালা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ গুলশানের বন্ডেড ওয়্যারহাউজ টস বন্ড প্রাইভেট লিমিটেডে অভিযান চালিয়ে গুদামগুলো সিলগালা করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে অভিযানটি চালায়।

এনবিআর জানিয়েছে, প্রতিষ্ঠানটির অনুমোদিত গুদাম দুটি হলেও অভিযানে চারটি গুদামে পণ্য মজুদের তথ্য পাওয়া যায়। প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় অধিকতর যাচাই ও তদন্তের স্বার্থে সবগুলো গুদাম সিলগালা করা হয়েছে।

শুল্ক গোয়েন্দার এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চলে।

গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য, বন্ডেড ওয়্যারহাউজ থেকে কেবল কূটনীতিক ও আইন অনুযায়ী বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা শুল্কমুক্ত মদ কেনার সুযোগ পান। টস বন্ডের বিরুদ্ধে এসব পণ্য খোলাবাজারে বেশি দামে বিক্রির অভিযোগ নিয়ে কয়েক মাস ধরে অনুসন্ধান চলছিল।

এদিকে নুর ইসলাম ও তার পরিবারের আর্থিক কর্মকাণ্ড নিয়েও তদন্ত করছে এনবিআরের সিআইসি ও আয়কর গোয়েন্দা ইউনিট। কানাডা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ২০১২ সালের এপ্রিল থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত পরিবারের ১৬৩টি আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।

তাদের দাবি, এসব নথিতে ১৭টি সন্দেহজনক লেনদেন, দুটি সন্দেহজনক লেনদেনের চেষ্টা, বড় অঙ্কের নগদ লেনদেনের ১১৮টি প্রতিবেদন, ইএফটিএনের মাধ্যমে অর্থ স্থানান্তরের ২৬টি প্রতিবেদন এবং দুটি আন্তদেশীয় লেনদেনের তথ্য পাওয়া গেছে। এক বছরে প্রায় ৯৫ কোটি টাকা রেমিট্যান্স আনার তথ্যও রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, টস বন্ডে অভিযানটি সালমান মুক্তাদিরের সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। নুর ইসলাম ও তার পরিবারের ব্যবসা, বিদেশি নাগরিকত্ব ও আর্থিক কর্মকাণ্ড নিয়ে আগে থেকেই তদন্ত চলছিল।

গত ২৬ সেপ্টেম্বর রাতে ঢাকার দক্ষিণ মানিকদীতে নিউ গিনি আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরে সালমানের স্টুডিও ‘ব্রাউনফিশ’ ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে।

এর মধ্যে বুধবার সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement