প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সাইনবোর্ড এলাকা থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত মহাসড়কের এক পাশে বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। প্রধানমন্ত্রীর অপেক্ষায় তারা সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে অবস্থান নেন।
দলের চেয়ারম্যান ও সরকারপ্রধানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের হাতে ছিল ‘সবার আগে বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ফেস্টুন ও শুভেচ্ছা স্মারক। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
মহাসড়কের শিমরাইল এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পৌঁছালে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ সময় তারেক রহমান হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে ও ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এফএস