ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ক্ষমা চাইতে এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:১০ পিএম
X
Advertisement

‘রাতে আইনজীবীরা দোয়া করে যেন আগামীকাল ২-৪ জন মাদকসেবী পাই ও জামিন করাইতে পারি, যেন ভালোমন্দ বাজার করে বাড়ি ফিরতে পারি’- এমন বক্তব্যের জেরে লক্ষ্মীপুরে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ওমর ফারুক তুষার নামে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের এক আইনজীবী এ নোটিশ দেন। নোটিশটি রামগঞ্জে এমপি শাহাদাত সেলিমের গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়।

লিগ্যাল নোটিশে আইনজীবীদের নিয়ে এমপি শাহাদাত সেলিমের বক্তব্যকে মানহানিকর ও অবমাননাকর উল্লেখ করে ৭ দিনের মধ্যে তা লিখিতভাবে প্রত্যাহারসহ প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করার জন্য বলা হয়। তা না হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) রামগঞ্জের কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন সেলিম আইনজীবীদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুরের আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এছাড়া স্থানীয় একাধিক আইনজীবী এর প্রতিবাদে পাল্টা পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন।

এমপি শাহাদাত হোসেন সেলিমের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবীর স্বপন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপনার এই হুজুরি মন্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমার মনে হয় আপনি সচেতন অবস্থায় এই মন্তব্য করেননি। এই মন্তব্য প্রত্যাহার করুন।’

চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রিহ্যাবে পাঠানো হোক’। আর কমেন্টসে শাহাদাত হোসেন সেলিমের বক্তব্যের ফটোকার্ড দিয়েছেন।

যদিও আইনজীবীর পোস্টের কমেন্টে অধিকাংশ নেটিজেনই এমপি শাহাদাত হোসেন সেলিমের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন।

লিগ্যাল নোটিশকারী অ্যাডভোকেট ওমর ফারুক তুষার জানান, বিচার ব্যবস্থার অন্যতম প্রধান অঙ্গ আইনজীবীদের নিয়ে একজন সংসদ সদস্য ও দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে শাহাদাত সেলিমের ভিত্তিহীন, মনগড়া ও কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। তিনি সংবিধানের অনুচ্ছেদ ২৭ এর পরিপন্থী বক্তব্য দিয়ে আইনজীবী সমাজের মানসম্মান ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছেন। উক্ত মানহানিকর বক্তব্যের কারণে বাংলাদেশ দঃ বিঃ ৪৯৯ ও ৫০০ ধারা অনুযায়ী ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে। একইসঙ্গে আইনজীবী সমাজের পেশাগত সুনাম ও মর্যাদার অপূরণীয় ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের বলেন, লিগ্যাল নোটিশটি এখনো পাইনি, তবে শুনেছি। লিগ্যাল নোটিশ পেলে আমার আইনজীবীকে দিয়ে নিয়ম অনুযায়ী উত্তর পাঠাবো।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের অনুষ্ঠানে নিজের দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ এদিক সেদিক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিতর্কিত করা হয়েছে। মূলত মাদকসেবীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে উকিলদের নিয়ে মন্তব্য করা হয়। তবে সেটি কারো ইমেজে আঘাত করার উদ্দেশ্যে ছিল না।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement