গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনসহ মোট ১ হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪১ জন ভর্তি হয়েছেন।
এ সময়ে ঢাকা বিভাগে ৪৪২ জন, চট্টগ্রামে ৩৩৮ জন, সিলেটে ১৫৩ জন, বরিশালে ১২৭ জন, ময়মনসিংহে ১২২ জন, খুলনায় ৯৩ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহীতে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনে। এর মধ্যে ২১ হাজার ২১২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
এসএস