গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত হয়েছেন ৯৮০ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন।
এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন। ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জন। একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৫৭৬ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৮৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে ১০১ জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় এ রোগে কারও মৃত্যু হয়নি।
এসএস