বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।
সাক্ষাতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় পাওয়ানকুমার তুলশিদাস বাধে বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের ব্যবসায়ী ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিটুবি টাস্কফোর্স গঠন প্রয়োজন।
তিনি বলেন, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে ভারতীয় হাইকমিশন দুই দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা করছে। এ উদ্যোগে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমণের ভিসা প্রক্রিয়া বর্তমানে সহজ করা হয়েছে উল্লেখ করে ভারতীয় ডেপুটি হাইকমিশনার বলেন, ভারতীয় হাইকমিশন প্রতিদিন প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করছে।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক জোরদারে যৌথ টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখতে পারে। দুই দেশের সম্ভাবনাময় ও উদীয়মান খাতে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসএস