ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষে গত কয়েক ঘণ্টায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। উভয় পক্ষের সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সরকারি বাহিনীর সামরিক সূত্রগুলো জানিয়েছে, গত এক দিনে তাদের ১৭ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একই সময়ে তাদের ৩১ যোদ্ধা নিহত হয়েছেন।
চলতি মাসে ইয়েমেনের জনবহুল অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে থাকা হুতিরা দেশটির পুরো লোহিত সাগর উপকূল দখলের লক্ষ্যে আকস্মিক সামরিক অভিযান শুরু করে। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির ওপরও তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব তেল রপ্তানির ক্ষেত্রে বাব আল-মান্দেবসহ বিকল্প সমুদ্রপথ ব্যবহার করছিল।
ইয়েমেনের চলমান যুদ্ধ শুরু হয় ২০১৪ সালে, যখন হুতিরা রাজধানী সানা দখল করে। ২০২২ সাল থেকে সংঘাত অনেকটাই স্থবির ছিল। তবে চলতি বছরের জুলাইয়ে আবারও ব্যাপক আকারে সংঘর্ষ শুরু হয়।
২০১৫ সাল থেকে সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে একটি সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে।
এসএ