রাজধানীর কমলাপুরে বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিল থানাধীন কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভোররাতের কোনো এক সময় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রোমান। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।
খবর পেয়ে মতিঝিল থানার পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলের ফুটপাত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ হোসেন জানান, নিহত রোমান প্রধান মাদারীপুরের কালকিনি উপজেলার চরজগোমোহন এলাকার সিরাজ মিয়ার ছেলে। তিনি রাজধানীর মান্ডার প্রথম গলিতে রাজা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরএন