বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার ঢাকায় নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক বিবৃতিতে বৈঠকের তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা অংশীদারিত্বের দৃঢ় সম্পর্ক পুনর্ব্যক্ত করেন তারা। পাশাপাশি পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের বন্দর ও নৌপথ আধুনিকায়নের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। এ ক্ষেত্রে আধুনিক ও পরীক্ষিত প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
এ ছাড়া দীর্ঘমেয়াদে সুফল নিশ্চিত করতে নির্ভরযোগ্য মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের নৌ ও বন্দর অবকাঠামোর আধুনিকায়নে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
এফএস