ঢাকার কেরানীগঞ্জে ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকার একটি সেলুনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, রাজধানীর মোহাম্মদপুরে ফুটপাতে মাছের দোকান বসানো নিয়ে বিরোধের জেরে ফরহাদকে হত্যা করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশিনগরের মেম্বার গলিতে পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলায়। মঙ্গলবার সকালে তিনি মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছ বিক্রি করতে যান। দুপুরে ব্যবসা শেষে কেরানীগঞ্জে ফিরে আরশিনগর এলাকার ওই সেলুনে চুল কাটতে যান।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন সিকদারের দাবি, ফুটপাতে মাছের ব্যবসা করার জন্য মোহাম্মদপুরের একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা ফরহাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। পাশাপাশি প্রতিদিনও চাঁদা দেওয়ার কথা বলা হয়। ফরহাদ এতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
নিহতের পরিবারের ভাষ্য, মঙ্গলবার দুপুরে ফরহাদ সেলুনে গেলে সাব্বির ও আরমানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সেখানে গিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, কেরানীগঞ্জ থেকে ফরহাদ হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার মৃত্যু হলে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, মাছের ব্যবসা নিয়ে বিরোধের সূত্রপাত মোহাম্মদপুর এলাকায়। পরে আরশিনগর এলাকার একটি সেলুনে ফরহাদকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
আরএন