ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার শিকার হওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরেছেন।
সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঁধন বলেন, যারা তার ওপর হামলা করেছেন, তারা নিজেদের জন্যই বিপদ ডেকে আনছেন। তিনি বলেন, এ ধরনের বর্বরতা বন্ধ হওয়া উচিত।
ইতালিতে নিজের নিরাপত্তা প্রসঙ্গে বাঁধন জানান, হামলার পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়। স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তাকে প্রয়োজনীয় সহযোগিতা করেছে।
এর আগে ৭ সেপ্টেম্বর রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে হামলার শিকার হন বাঁধন। অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে পানি ও কোমল পানীয় ছোড়েন এবং শারীরিকভাবে হেনস্তা করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় থানায় অভিযোগ করেন বাঁধন। পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে।
রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমাটি ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কারও অর্জন করেছে।
এফএস