কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি জিতেছে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’।
একই উৎসবে বাংলাদেশের আরেকটি চলচ্চিত্রও পুরস্কার পেয়েছে। মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখার আয়োজনে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় উৎসবটি। রোববার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ছয় দিনের এই উৎসবে ১১টি দেশের মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে ছিল ১৯টি সিনেমা।
‘জয়া আর শারমিন’-এর প্রযোজক আবু শাহেদ ইমন পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় উৎসবের আয়োজক, বিচারক, চলচ্চিত্র সমালোচক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, এই স্বীকৃতি সিনেমাটির শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও উৎসাহের।
পূর্ণদৈর্ঘ্য বিভাগে দ্বিতীয় সেরা ছবির পুরস্কার পেয়েছে ভারতের অসমিয়া ভাষার সিনেমা ‘রিভার টেলস’। শ্রীলঙ্কার ‘প্যানট্রাম’ পেয়েছে জুরি মেনশন।
প্রামাণ্যচিত্র বিভাগে সেরা হয়েছে ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’। আর দ্বিতীয় সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে ‘রিভার স্টিল ফ্লোজ’।
লকডাউনের সময়কার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত ‘জয়া আর শারমিন’ একটি মনস্তাত্ত্বিক চলচ্চিত্র। এতে অভিনেত্রী জয়া ও তাঁর গৃহকর্মী শারমিনের সম্পর্কের পরিবর্তন, নিঃসঙ্গতা, মানসিক নির্ভরতা এবং শ্রেণি ও ক্ষমতার পার্থক্য তুলে ধরা হয়েছে।
জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিনের ভূমিকায় অভিনয় করেছেন মঞ্চ অভিনেত্রী মহসিনা আক্তার।
এফএস