বায়ুদূষণের দিক থেকে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও উঠে এসেছে ঢাকা।
সোমবার সকালে রাজধানীর বাতাসকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ঢাকার বায়ুর মানসূচক ছিল ১৬০। ১৫১ থেকে ২০০-এর মধ্যে বায়ুর মানসূচককে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
তালিকায় ১৬৯ স্কোর নিয়ে শীর্ষে ছিল সিঙ্গাপুর। এরপর ১৬৭ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর দ্বিতীয়, ১৬৫ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা তৃতীয়, ১৬৩ স্কোর নিয়ে ভিয়েতনামের হো চি মিন সিটি চতুর্থ এবং ১৬২ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ পঞ্চম অবস্থানে ছিল।
বায়ুর মানসূচক ০ থেকে ৫০ হলে বাতাস ভালো, ৫১ থেকে ১০০ হলে সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে বাতাস খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
তবে বায়ুর মানসূচক প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে ঢাকার অবস্থান ও বায়ুর মানসূচকেও পরিবর্তন আসতে পারে।
এফএস