পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, আওয়ামী লীগের সময়ে ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে। এটা সংসদীয় প্রক্রিয়ায় যাচাই-বাছাই চলছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে আমরা একটি ভালো কার্যকর সম্পর্ক চাই।
তবে সেই সম্পর্ক গড়ে তুলতে হলে প্রথমে একটি দ্বিপক্ষীয় সফর হওয়াই ভালো। কোনো দেশের সঙ্গে ভালো কার্যকর সম্পর্ক তৈরি করার জন্য আমরা বহুপাক্ষিক ফোরামে বৈঠক করি না।
তিনি বলেন, এতদিন একটি সমস্যাগ্রস্ত, ত্রুটিপূর্ণ ও লুটেরা স্বৈরাচার সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল ১৫ বছরের। এখন সেই পরিস্থিতি থেকে বের হয়ে আমরা একটি নতুন সম্পর্কের দিকে যেতে চাই।
আর সেটি দ্বিপক্ষীয় প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। আমাদের একটি দ্বিপক্ষীয় সফর প্রয়োজন, কোনো বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে নয়। এর অর্থ এই নয় যে, কোনো বহুপাক্ষিক ফোরামে গেলে আমরা সাইডলাইনে ভারতের সঙ্গে বৈঠক করব না। এমন কথা কখনো বলা হয়নি। বিষয়টি এমন নয়।
সাংবাদিকদের প্রশ্ন ছিলো- তাহলে কি আমরা ধরে নেব, জাতিসংঘ যেহেতু একটি বহুপাক্ষিক ফোরাম, সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইনে বৈঠক হবে না? এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, আরে ভাই, ভারতের প্রতি এই অতিরিক্ত আগ্রহ থেকে বের হয়ে আসুন! ভারত শুধুই আরেকটি দেশ, যার সঙ্গে আমরা একটি ভালো কার্যকর দ্বিপক্ষীয় সম্পর্ক চাই। প্রতিদিন ঘুম থেকে উঠে নাশতায় ভারত, দুপুরের খাবারে ভারত, রাতের খাবারেও ভারত-তাহলে নিজের দেশের খাবার খাবেন কখন? নিজের দেশের চিন্তা করুন।
তিনি বলেন, যার সঙ্গে যখন আমাদের দ্বিপক্ষীয় আলোচনা প্রয়োজন হবে, বহুপাক্ষিক ফোরামে গিয়ে কথা বলার সুযোগ থাকলে আমরা সেটিও করব। অবশ্যই, যেখানে যে সুযোগ থাকবে, সেটি কাজে লাগানো হবে। একজন নেতা সবার সঙ্গে দেখা করতে পারেন না। সেখানে অনেক আমন্ত্রণ থাকে, অনেক বৈঠকের সুযোগ থাকে। তিনি সেগুলো অনুযায়ী যোগাযোগ করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য হলো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়া। সাইডলাইনের বৈঠকগুলো এ ধরনের সফরে হয়ে থাকে। শেষ মুহূর্তেও অনেক কিছু যুক্ত হয়। বহুপাক্ষিক ফোরামগুলো এভাবেই কাজ করে। যার সঙ্গেই বৈঠক হবে, আপনাদেরকেই তো জানানো হবে। দেশের মানুষকে জানাতে হবে না কার সঙ্গে বৈঠক হচ্ছে? আপনাদের মাধ্যমেই জানানো হবে। তাই আপনারাই সবার আগে জানতে পারবেন।
টিআইএস