বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটে—তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি তার পূর্ববর্তী পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য বিধিসম্মত সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার দীর্ঘদিন ধরে অধ্যাপনা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। মৎস্যসম্পদ ও বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ লাভ করেন। এর আগে তিনি বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টাসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।
তার এই নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
এজে/আরএন