সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ‘সাউথইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাব’-এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল রিভো বাংলাদেশ ও পাওয়ার বিন।
৩১ আগস্ট উৎসবের প্রথম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা নাটক, অভিনয়, গান ও কসপ্লেসহ নানা পরিবেশনায় অংশ নেন এবং এ সংক্রান্ত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম দিনেই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উদ্বোধনী দিনে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উইং কমান্ডার (অব.) রফিকুল ইসলাম।
উৎসবের দ্বিতীয় দিনে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সমাপনী দিনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং স্কুল অব ল-এর ডিন প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে অংশ নেন প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত, অভিনেতা শ্যামল মাওলা, আব্দুল্লাহ রানা, তাবাচ্ছুম সোহা, মালু দেওয়ান ও নওশেবা। তাদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের একই মঞ্চে এনে তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুই দিনের এই উৎসব সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।